Videos এডিনবরায় বর্ষবরণ: ফোক পাগলার বর্ষপূর্তিতে বর্ণিল আয়োজন - স্কটিশ মৈত্রী

এডিনবরায় বর্ষবরণ: ফোক পাগলার বর্ষপূর্তিতে বর্ণিল আয়োজন

বাংলা নববর্ষ দেশে-বিদেশে বাঙ্গালীর প্রাণের উৎসব। এই দিনটি উদযাপনকে কেন্দ্র করে বিশেষ প্রস্তুতির কমতি নেই প্রবাসের কর্মব্যস্ত জীবনেও। স্কটল্যান্ডের এডিনবরায় বাংলা লোকগানের সংঘটন ফোক পাগলার এবারের বর্ষবরণে আয়োজন করেছিল বিশেষ উৎসব।

স্কটল্যান্ডে বাংলার লোকসংগীতকে ছড়িয়ে দিতে বছরখানেকপূর্বে কয়েকজন স্বাপ্নিক তরুণ একটি ব্যান্ডের অবতারনা করেছেন ‘ফোক পাগলা’ নামে। তাদের শুরু হয়েছিল বাঙ্গালীর প্রাণের মেলা ‘পহেলা বৈশাখ’ উদযাপনকে কেন্দ্র করেই। এবারের বাংলা নববর্ষ উদযাপনের সাথে ছিল তাদের বর্ষপূর্তি উৎসবও।

গত রোববার ১৯শে এপ্রিল স্কটল্যান্ডের এডিনবরায় বসেছিল বর্ষবরণের এই বর্ণিল মেলা। এডিনবরার পার্শ্ববর্তী গ্লাসগো, এবারডিন, ডান্ডি থেকেও অনেকেই এসেছিলেন এই উৎসব উদযাপনে।

স্কটল্যান্ডে বাংলা নববর্ষ লোকসংগীত

স্বাগত বক্তব্যে ফোক পাগলার ফাউন্ডার আজিম মাহমুদ সুমন তাদের পরিচিতি তুলে ধরে বলেন ‘আমরা মানুষের প্রতি মানুষের ভালোবাসা ছড়িয়ে দিতে চাই। ফোক পাগলার মূল লক্ষ্য—বিদেশের মাটিতে জন্ম নেওয়া পরবর্তী প্রজন্মের কাছে এবং বিদেশিদের কাছে আমাদের জন্মভূমির সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা। এই লক্ষ্য নিয়েই আমাদের এগিয়ে চলা।’

জমকালো এই আয়োজনের শুরুটা হয় দলীয়ভাবে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে। এরপর সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ, এসো এসো গানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে শিল্পীরা পরিবেশন করেন: বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া, আমার গরুর গাড়ীতে বউ সাজিয়ে, ভাল হয়ে যাওরে বন্ধু, যেজন প্রেমের ভাব জানে না, রাঙামাটির রঙে চোখ জুড়ালো, বিনয় করি গো প্রিয়া, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। এছাড়াও ছিল ছোটদের মন জয় করে নেয়া দারুণ সব নৃত্য ও জাদু পরিবেশনা।

আরও পড়ুন: সুরের অনুরণনে মুখরিত স্কটিশ পার্লামেন্ট

গানের সাথে আয়োজকরা দুপুরের খাবারও পরিবেশন করেন। খাবারের তালিকায় ছিল সাদা ভাত, ইলিশ, নানা রকম ভর্তা, ডাল। সাথে ছিল চা, কফি ও কোমল পানীয়।

এডিনবরায় বর্ষবরণ অনুষ্টানের দর্শক সারিতে অন্যানের মধ্যে ছিলেন স্কটল্যান্ড পার্লামেন্টের সদ্য সাবেক সদস্য ফয়ছল আহমদ চৌধুরী, স্কটল্যান্ড বিএনপির নেতা জাকির মোড়ল, কমিউনিটি অ্যাকটিভিস্ট শাহনূর চৌধুরী, চ্যানেল আই’য়ের সাংবাদিক হুমায়ুন কবির, থিসল শাপলা কালচারাল সংস্থার সভাপতি ফখরুল মাজুম ইসলাম, স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে ওয়ার্কাস পার্টির প্রার্থী আবু মিরন, সাংবাদিক মিজান রহমান, ফ্রিল্যান্স লেখক বদরুল হুসেইন বাবু, স্কটল্যান্ড বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউদ্দিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক খান এলাহী মনজুর, সাংবাদিক ফরহাদ রেজা, তুহিন মাহমুদ, রশিদ আহমদ প্রমুখ।